হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ১৭ জন আটক, ৬১ হাজার বর্গমিটার জাল জব্দ
হিজলা (বরিশাল) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলায় মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে হিজলা নৌ পুলিশ। এ সময় ৬১ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
গতকাল রাত ১১টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত টানা সাত ঘণ্টা হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই আশরাফ, এএসআই মনিরসহ নৌ পুলিশের সদস্যরা অংশ নেন। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে মেঘনা নদী ও এর শাখা নদী থেকে মোট ১৭ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, বাকি ১০ জনের বিরুদ্ধে হিজলা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের পক্ষ থেকে স্থানীয় জেলে ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি সরকারি আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
