সদরঘাটে মেসে জুয়ার আসর, তাস-নগদ টাকাসহ গ্রেপ্তার ৬
আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের সদরঘাটে মেসঘরে বসে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার এক বান্ডেল তাস ও নগদ ৩ হাজার ৭৭৫ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে সদরঘাট থানাধীন ডিএসপি ঘাট এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার হেলাল উদ্দিন (৪৪), পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা স্বর্ণকারপাড়া এলাকার মিজানুর রহমান (৫০), ভোলার শশীভূষণ উপজেলার করিমপুর এলাকার কামাল হোসেন (৩৭), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী এলাকার দিলদার (৩৬), ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার নজরুল (৪২) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার খিরুদিয়া এলাকার বুলবুল (৩৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনই বর্তমানে সদরঘাটের ডিএসপি ঘাট এলাকায় বসবাস করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকার একটি মেসে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মেসঘরের ভেতরে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, অভিযানের সময় জুয়া খেলার এক বান্ডেল তাস এবং নগদ ৩ হাজার ৭৭৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকা ও তাস জব্দ তালিকা অনুযায়ী আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা করা হয়েছে। পরে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
