Advertisement
নভেম্বর ২২, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
image-357031-1793877554

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন।

আজ বিকেল পৌনে ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী অনলাইনেও সারা দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরেরও উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতিযোগিতার ১০টি শ্রেণিতে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা স্টেডিয়ামে পৌঁছলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এ সময় গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানান। শিশু-কিশোররা তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে।

প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে শিশু-কিশোর শিক্ষার্থীদের হাত নেড়ে তাঁর শুভেচ্ছা জানান।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে, মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২ মে সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়েছিল। দ্বিতীয় আসরে নতুন কুঁড়ির এই কর্মসূচিতে খুলনায় ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছে।

এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করতে চায় সরকার।

বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

```html
সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
```