Advertisement
অক্টোবর ৮, ২০২৬

মহেশখালীতে চোর সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ

0
5

আব্দুল আজিজ, চট্টগ্রাম প্রতিনিধি:

মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিঠের ওপর ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ফয়সালকে চোর সন্দেহে আটক করে কয়েকজন। পরে তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। মঙ্গলবার সকালেও কয়েক দফা তাকে পেটানো হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগ তুলে একদল কিশোর ফয়সালকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছে। তার পিঠের ওপর ইট দিয়ে আঘাত করার দৃশ্যও ভিডিওতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এক ব্যক্তিকে চুরি করার অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে—এমন খবর শুনেছি।”

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, “এমন ঘটনা ঘটে থাকলে ভালো করেনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...